মৃত মায়ের ছুটে যাওয়া নামাজগুলোর জন্য সন্তানদের করণীয় হলো, প্রথমত আল্লাহর কাছে মায়ের গুনাহ মাফ ও মাগফিরাতের জন্য বেশি বেশি কান্নাকাটি ও দোয়া করা। দ্বিতীয়ত, মা যদি মৃত্যুর আগে তার কাজা নামাজের 'ফিদইয়া' দেওয়ার অসিয়ত করে গিয়ে থাকেন, তবে তার রেখে যাওয়া সম্পদের এক-তৃতীয়াংশ থেকে ফিদইয়া আদায় করা সন্তানদের ওপর ওয়াজিব।
প্রতি ওয়াক্ত নামাজের জন্য (বিতরসহ দিনে মোট ৬ ওয়াক্ত ধরে) পৌনে দুই কেজি গম বা তার বাজারমূল্য গরিবদের দান করতে হবে।
যদি তিনি অসিয়ত না-ও করে যান, তবুও সন্তানরা নিজেদের অর্থ থেকে বা মায়ের রেখে যাওয়া সম্পদ থেকে স্বেচ্ছায় এই ফিদইয়া দান করতে পারেন, যাতে আল্লাহ তাআলা মায়ের নামাজগুলো ক্ষমা করে দেন। তবে মনে রাখতে হবে, সন্তানদের কেউ নিজে পড়ে মায়ের এই কাজা নামাজ আদায় করে দিতে পারবে না।